এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণ, দারিদ্র্য বিমোচন ও স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে বগুড়ায় স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর মাঝে বাংলাদেশ সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক এবং উপকারভোগীদের মধ্যে সুদমুক্ত ক্ষুদ্রঋণ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে বগুড়া শহরের মালতীনগর শহর সমাজসেবা কার্যালয়ে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের হাতে অনুদানের চেক এবং নির্বাচিত উপকারভোগীদের মধ্যে সুদমুক্ত ক্ষুদ্রঋণের অর্থ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া সদর আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা। সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক আতাউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন শহর সমাজসেবা অফিসার নুরুল ইসলাম। এ সময় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ, সমাজকর্মী, উপকারভোগীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়নে সরকারি উদ্যোগের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব সংগঠন স্থানীয় পর্যায়ে মানুষের পাশে দাঁড়িয়ে শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে নানা ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছে।
বক্তারা আরও বলেন, বাংলাদেশ সমাজকল্যাণ পরিষদের অনুদান স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও গতিশীল করবে। এর মাধ্যমে সংগঠনগুলো সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের সুযোগ পাবে।
অন্যদিকে, সুদমুক্ত ক্ষুদ্রঋণ কর্মসূচি আর্থিকভাবে অসচ্ছল মানুষের জন্য আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছে। এই ঋণের অর্থ কাজে লাগিয়ে উপকারভোগীরা ক্ষুদ্র ব্যবসা, গবাদিপশু পালন, কৃষিকাজসহ বিভিন্ন আয়বর্ধক কর্মকাণ্ডে যুক্ত হয়ে নিজেদের আর্থিক অবস্থার উন্নয়ন করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।
তারা বলেন, শুধু আর্থিক সহায়তা নয়, মানুষের মধ্যে আত্মনির্ভরশীলতা তৈরি করাই এ ধরনের কর্মসূচির মূল লক্ষ্য। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে একটি বৈষম্যহীন, মানবিক ও স্বাবলম্বী সমাজ গড়ে তোলা সম্ভব।

