https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাশুক্রবার, 30 অক্টোবর 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ-স্পেন বাণিজ্য, বিনিয়োগ ও অভিবাসন সহযোগিতা বাড়ানোর আলোচনা মাদ্রিদে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত

admin
অক্টোবর 30, 2026 12:23 পূর্বাহ্ন
Link Copied!

দৈনিক প্রাণের শহর বিডি আন্তর্জাতিক ডেস্ক:

বাংলাদেশ ও স্পেনের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, সাংস্কৃতিক বিনিময়, ক্রীড়া কূটনীতি এবং বৈধ শ্রম অভিবাসনসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর ২০২৬) স্পেনের রাজধানী মাদ্রিদে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপির সঙ্গে স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পররাষ্ট্র ও বৈশ্বিক বিষয়ক প্রতিমন্ত্রী দিয়েগো মার্তিনেজ বেলিওর বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়।

বৈঠকের শুরুতে স্পেনের টলেডোতে ওই দিন সকালে ঘটে যাওয়া মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি নিহতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।

বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সহযোগিতা জোরদার এবং ভবিষ্যৎ যোগাযোগ বৃদ্ধির বিষয়ে গঠনমূলক আলোচনা হয়। বিশেষ করে বিদ্যমান বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়। এ ক্ষেত্রে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সরাসরি যোগাযোগ বৃদ্ধি, রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনা এবং বিভিন্ন প্রদর্শনীর আয়োজনসহ নতুন ব্যবসায়িক সম্ভাবনা অনুসন্ধানের বিষয়ে উভয় পক্ষ গুরুত্বারোপ করে।

সাংস্কৃতিক বিনিময়ের সম্ভাবনা তুলে ধরে শামা ওবায়েদ ইসলাম প্রস্তাবিত সাংস্কৃতিক সহযোগিতা স্মারক দ্রুত চূড়ান্ত করার ওপর জোর দেন। পাশাপাশি ক্রীড়া কূটনীতি, সৃজনশীল অর্থনীতি, শিল্পকলা ও পর্যটন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়েও দুই পক্ষ মতবিনিময় করে। দেশব্যাপী ক্রীড়ার প্রসারে সরকারের গুরুত্বারোপের কথা উল্লেখ করে তিনি বলেন, জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সম্পর্ক জোরদারে ক্রীড়া কার্যকর ভূমিকা রাখতে পারে।

স্পেনে বসবাসরত বাংলাদেশি সম্প্রদায়ের অবদানের স্বীকৃতি দিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে প্রবাসী বাংলাদেশিরা গুরুত্বপূর্ণ সেতুবন্ধ হিসেবে কাজ করছেন। তিনি দক্ষ কর্মীদের জন্য বৈধ অভিবাসনের পথ সম্প্রসারণের ওপর গুরুত্ব দেন এবং বাংলাদেশি কর্মীদের জন্য ইউরোপীয় ইউনিয়নের ‘ট্যালেন্ট পার্টনারশিপস’ উদ্যোগে স্পেনের অংশগ্রহণের আহ্বান জানান।

এ সময় মানব পাচার ও অভিবাসী চোরাচালানের বিরুদ্ধে বাংলাদেশের শূন্য সহনশীলতার নীতি পুনর্ব্যক্ত করেন তিনি।

বৈঠকে স্পেনের পক্ষ থেকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ও সহযোগিতা এগিয়ে নেওয়ার বিষয়ে সমর্থন পুনর্ব্যক্ত করা হয়। দিয়েগো মার্তিনেজ বেলিও ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনাকে আশাব্যঞ্জক হিসেবে উল্লেখ করেন এবং এ প্রচেষ্টায় স্পেনের সহযোগিতার প্রস্তুতির কথা জানান।

বৈঠকে দুই দেশের মধ্যে সম্মত হওয়া দ্বিপক্ষীয় চুক্তি ও সমঝোতা স্মারক দ্রুত চূড়ান্ত করার পাশাপাশি বিভিন্ন বিষয়ে চলমান আলোচনা এগিয়ে নেওয়ার বিষয়ে একমত হন উভয় পক্ষ। এ ছাড়া যত দ্রুত সম্ভব দ্বিতীয় বাংলাদেশ-স্পেন পররাষ্ট্র দপ্তর পর্যায়ের আলোচনা আয়োজনের আগ্রহ প্রকাশ করা হয়।

দুই দেশের সহযোগিতা আরও এগিয়ে নিতে নিয়মিত উচ্চপর্যায়ের সফর ও যোগাযোগ অব্যাহত রাখার গুরুত্বের বিষয়েও বৈঠকে উভয় পক্ষ একমত হয়।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।