দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক: বাস্তব কর্মপরিবেশ সম্পর্কে ধারণা অর্জন এবং পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকার কুর্মিটোলা মাল্টিকেয়ার স্পেশালাইজড হাসপাতাল পরিদর্শন করেছেন বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে প্রশিক্ষণরত অঙ্গীভূত আনসার সদস্যরা।
রোববার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমি, সফিপুর, গাজীপুরে চলমান ‘অঙ্গীভূত আনসার মৌলিক প্রশিক্ষণ-২০২৬’ কোর্সের অংশ হিসেবে এ পরিদর্শন অনুষ্ঠিত হয়। এতে একাডেমির ১৫ জন কর্মকর্তা, প্রশিক্ষক ও কর্মচারী এবং ১৫০ জন প্রশিক্ষণার্থীসহ মোট ১৬৫ জন অংশ নেন।
পরিদর্শনকালে প্রশিক্ষণার্থীরা হাসপাতালের সার্বিক নিরাপত্তাব্যবস্থা, জরুরি বিভাগ, গুরুত্বপূর্ণ প্রবেশপথ ও সিসিটিভি নিয়ন্ত্রণকক্ষ পর্যবেক্ষণ করেন। পাশাপাশি হাসপাতালের নিরাপত্তায় দায়িত্ব পালনরত আনসার সদস্যদের কার্যক্রম সম্পর্কে প্রত্যক্ষ ধারণা লাভ করেন।
হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ জনসেবামূলক প্রতিষ্ঠানে প্রবেশপথের নিরাপত্তা নিশ্চিত করা, শৃঙ্খলা বজায় রাখা এবং নির্ধারিত নিয়ম ও নির্দেশনা অনুসরণের বিভিন্ন দিক সম্পর্কে প্রশিক্ষণার্থীদের বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ হয়।
এ সময় হাসপাতালের নিরাপত্তা নিশ্চিত করা, জরুরি পরিস্থিতি মোকাবিলা এবং সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে সমন্বয়ের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। দায়িত্ব পালনে সতর্কতা, পরিস্থিতি অনুযায়ী দ্রুত ও দায়িত্বশীল পদক্ষেপ গ্রহণ এবং প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম নির্বিঘ্ন রাখতে পেশাদারত্ব বজায় রাখার গুরুত্ব তুলে ধরা হয়।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, স্থাপনা ও জনসেবামূলক প্রতিষ্ঠানের নিরাপত্তায় দায়িত্ব পালন করেন। এসব ক্ষেত্রে কার্যকরভাবে দায়িত্ব পালনের জন্য নিরাপত্তা সচেতনতা, শৃঙ্খলা, পেশাগত দক্ষতা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ কারণে প্রশিক্ষণের অংশ হিসেবে বাস্তব কর্মক্ষেত্র পরিদর্শন প্রশিক্ষণার্থীদের তাত্ত্বিক জ্ঞানের সঙ্গে বাস্তব অভিজ্ঞতার সমন্বয় ঘটাতে সহায়ক ভূমিকা রাখে। এ অভিজ্ঞতা তাঁদের ভবিষ্যৎ কর্মজীবনে আরও দক্ষ, সচেতন ও আত্মবিশ্বাসী হয়ে দায়িত্ব পালনে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।
পরিদর্শন শেষে হাসপাতাল কর্তৃপক্ষ এ উদ্যোগের প্রশংসা করেন। একই সঙ্গে এ ধরনের বাস্তবভিত্তিক প্রশিক্ষণ কার্যক্রম আয়োজনের জন্য বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

