দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
ঢাকায় সেনাবাহিনী প্রধানের উপস্থিতিতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
ঢাকা, ২৫ অক্টোবর ২০২৬: রাজধানীর ঢাকা সেনানিবাসে অবস্থিত কুর্মিটোলা গলফ ক্লাবে ‘৯ম ড্যাফোডিল ক্যাপ্টেনস কাপ গলফ টুর্নামেন্ট ২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
পুরস্কার বিতরণ শেষে তিনি উপস্থিত অতিথিদের উদ্দেশে বক্তব্য দেন। এ সময় তিনি আশাবাদ ব্যক্ত করেন, এ ধরনের প্রতিযোগিতার আয়োজন দেশের গলফ অঙ্গনের উন্নয়ন ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি সফলভাবে টুর্নামেন্ট আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তিনি।
টুর্নামেন্টে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে এস এম আব্দুল্লাহ ফারাবী উইনার এবং কমোডর এ কে এম আফজাল হোসেন, বিএন রানারআপ হওয়ার গৌরব অর্জন করেন। অন্যদিকে, লেডিস উইনার নির্বাচিত হন মিসেস হাইজং উম।
সমাপনী অনুষ্ঠানে সেনাবাহিনীর কোয়ার্টারমাস্টার জেনারেল ও কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট, টুর্নামেন্টের পৃষ্ঠপোষক ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য, কুর্মিটোলা গলফ ক্লাব ও ড্যাফোডিল গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া টুর্নামেন্টে অংশগ্রহণকারী গলফার, তাঁদের পরিবারের সদস্য, আমন্ত্রিত অতিথি এবং গণমাধ্যমকর্মীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
দেশের গলফ অঙ্গনে প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি, খেলোয়াড়দের দক্ষতা বিকাশ এবং গলফের প্রসারে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

