দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক ও মেডিকেল চেকআপ সেন্টারের লাইসেন্স প্রদান ও নবায়নের মেয়াদ এক বছর থেকে বাড়িয়ে দুই বছর করেছে সরকার।
সোমবার (১০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক ডা. মো. নুরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত বাস্তবায়নের কথা জানানো হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার নির্দেশনার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অফিস আদেশ অনুযায়ী, নতুন নিয়ম ২০২৬-২০২৭ অর্থবছর থেকে কার্যকর হবে।
যেসব শর্ত মানতে হবে
ফি জমা: দুই বছরের লাইসেন্স ফি ও ভ্যাট একসঙ্গে সরকারি কোষাগারে জমা দিয়ে HSM ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।
পরিবেশ ছাড়পত্র: নতুন লাইসেন্স নেওয়ার ক্ষেত্রে পরিবেশ অধিদপ্তরের অবস্থানগত ছাড়পত্র অথবা পরিবেশ ছাড়পত্র বাধ্যতামূলকভাবে সংগ্রহ করতে হবে।
নারকোটিক লাইসেন্স: যেসব প্রতিষ্ঠান নারকোটিক বা মাদকদ্রব্য ব্যবহার করে, তাদের নতুন লাইসেন্স পাওয়ার পর অবশ্যই নারকোটিক লাইসেন্স সংগ্রহ করতে হবে।
নিয়মিত তদারকি: পরিবেশ অধিদপ্তর ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিজ নিজ দপ্তরের হালনাগাদ লাইসেন্স নিয়মিত তদারকি করবে।
এ ছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য), সিভিল সার্জন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তারা নিয়মিত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান পরিদর্শন করবেন।
পরিদর্শনে কোনো অনিয়ম বা শর্তের ব্যত্যয় পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের লাইসেন্স স্থগিত বা বাতিল করা হতে পারে।

