দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মন্ত্রীর জুতা টানছে পুলিশ’ শিরোনামে যে প্রচারণা চালানো হচ্ছে, তা অসত্য, অবান্তর ও কল্পনাপ্রসূত বলে জানিয়েছে বাংলাদেশ পুলিশ।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ৭ আগস্ট ২০২৬, শুক্রবার, স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজার সদর থানাধীন বাহারছড়া জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। একই মসজিদে কক্সবাজার সদর থানার অফিসার ইনচার্জ (ওসি)ও নামাজ আদায় করেন।
মসজিদে প্রবেশের সময় ওসি নিজের জুতা খুলে ভেতরে প্রবেশ করেন। নামাজ শেষে তিনি নিজের জুতা হাতে নিয়েই মসজিদ থেকে বের হন। এ সময় মসজিদের প্রবেশপথে স্বরাষ্ট্রমন্ত্রীর জুতা রাখা ছিল।
পুলিশের দাবি, ওসি মন্ত্রীর জুতা বা স্যান্ডেল বহন করেছেন—এমন প্রচারণা উদ্দেশ্যপ্রণোদিত এবং বাস্তব ঘটনার সঙ্গে এর কোনো মিল নেই।
বাংলাদেশ পুলিশকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে উল্লেখ করে পুলিশ এ ঘটনায় দুঃখ ও উদ্বেগ প্রকাশ করেছে। একই সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে এ ধরনের বিভ্রান্তিকর ও অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে বাংলাদেশ পুলিশের বিজ্ঞপ্তিতে।

