দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
নওগাঁ, ১৮ জুলাই ২০২৬: উচ্চশিক্ষার নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে শিক্ষা কার্যক্রম শুরু করেছে নওগাঁ বিশ্ববিদ্যালয়। শনিবার নওগাঁ উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শিক্ষামন্ত্রী ড. আ.ন.ম. এহছানুল হক মিলন এমপি।
শিক্ষামন্ত্রী বলেন, দেশের মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশ্বমানের শিক্ষা, গবেষণা ও দক্ষতা বিকাশের পরিবেশ নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। তিনি বলেন, “যত বাধাই আসুক, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশকে আন্তর্জাতিক শিক্ষা হাবে পরিণত করা হবে।”
তিনি জানান, আধুনিক অবকাঠামো, গবেষণা, প্রযুক্তিনির্ভর শিক্ষা এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার মাধ্যমে দেশের শিক্ষাব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হচ্ছে। পাশাপাশি শিক্ষা ক্যালেন্ডারে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এসএসসি পরীক্ষা জানুয়ারি এবং এইচএসসি পরীক্ষা নির্ধারিত সময়েই আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
নিজের একটি বক্তব্য নিয়ে জাতীয় সংসদে দুঃখ প্রকাশের প্রসঙ্গ তুলে শিক্ষামন্ত্রী বলেন, বক্তব্যের খণ্ডিত ব্যাখ্যা দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা উচিত নয়। সমালোচনা থাকবে, তবে শিক্ষাব্যবস্থার উন্নয়ন থেমে থাকবে না। তিনি দেশে অর্জিত পিএইচডি ডিগ্রির মান ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে কার্যকর মূল্যায়নের ওপরও গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেন, কৃষি ও খাদ্য উৎপাদনে সমৃদ্ধ নওগাঁ আজ উচ্চশিক্ষার নতুন যুগে প্রবেশ করেছে। নওগাঁ বিশ্ববিদ্যালয়ের যাত্রা এ অঞ্চলের শিক্ষা, গবেষণা, কর্মসংস্থান ও মানবসম্পদ উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।
তিনি বলেন, “জেনজি আন্দোলনের চেতনা মানে মেধা ও শৃঙ্খলার জয়। সেই চেতনা কখনোই পরীক্ষায় অনিয়ম, নকল বা শিক্ষার মান ক্ষুণ্ন করার সুযোগ সৃষ্টি করতে পারে না।”
প্রতিমন্ত্রী আরও জানান, শিক্ষা ও স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সরকার বাজেট বরাদ্দ করেছে এবং সেই অর্থের স্বচ্ছ ও কার্যকর ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া তিনি বলেন, বগুড়া-নওগাঁ-রাজশাহী মহাসড়ক চার লেনে উন্নীত করার পরিকল্পনা সরকারের রয়েছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ, ইউজিসির সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ আল মামুন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ.এস.এম. আমানউল্লাহ এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল।
নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাছানাত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে নওগাঁ জেলার সংসদ সদস্যবৃন্দ, দেশের ২০টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, জেলা প্রশাসক, পুলিশ সুপার, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষাবিদ ও সুধীজন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রথম বছরে ৮০ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করেছে নওগাঁ বিশ্ববিদ্যালয়। নতুন শিক্ষার্থীদের ৮০টি আম্রপালী আমগাছের চারা উপহার দিয়ে বরণ করে নেওয়া হয়।

