দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
ঢাকা, ১৯ আগস্ট ২০২৬: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর সঙ্গে ইউনিসেফ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রতিনিধি জিলিয়ান মেলসপ সাক্ষাৎ করেছেন।
বুধবার মন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে শিশু ও কিশোর-কিশোরীদের সুরক্ষা এবং শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধিসহ (WASH) অপরিহার্য সামাজিক সেবাগুলোকে জলবায়ু-সহনশীল করার বিষয়ে আলোচনা হয়।
মন্ত্রী বলেন, শিশু ও তরুণরাই বর্তমান ও ভবিষ্যতের জলবায়ু-সহনশীল বাংলাদেশের কারিগর। তাই জলবায়ু কর্মপরিকল্পনায় তাদের অগ্রাধিকার দিতে হবে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা অনুযায়ী মন্ত্রণালয় কাজ করছে বলেও জানান তিনি।
বৈঠকে ‘সীসামুক্ত বাংলাদেশের জাতীয় কৌশল ও বহুবর্ষী কর্মপরিকল্পনা (২০২৬–২০৩৫)’ মন্ত্রিসভায় অনুমোদিত হওয়ায় মন্ত্রীকে ধন্যবাদ জানান জিলিয়ান মেলসপ। কর্মপরিকল্পনা বাস্তবায়নে ইউনিসেফের পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন তিনি। শিশুদের সীসাদূষণসহ অন্যান্য দূষণ থেকে সুরক্ষায় কার্যক্রম আরও জোরদার করা হবে বলে জানান মন্ত্রী।
ইউনিসেফের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের প্রায় ৫ কোটি ৮৮ লাখ শিশু কোনো না কোনো জলবায়ু ঝুঁকির মুখে রয়েছে। প্রায় ৯০ শতাংশ শিশু একই সঙ্গে তিন বা ততোধিক দুর্যোগঝুঁকির সম্মুখীন।
সরকার অনুমোদিত তথ্যের ভিত্তিতে জেলাভিত্তিক Children’s Climate Risk Index (CCRI) এবং Climate Landscape Analysis for Children (CLAC) প্রণয়নে পরিবেশ মন্ত্রণালয় ও ইউনিসেফ যৌথভাবে কাজ করবে। এর মাধ্যমে জলবায়ু ঝুঁকিপূর্ণ জেলা চিহ্নিত করে অভিযোজনসহ বিভিন্ন খাতে লক্ষ্যভিত্তিক বিনিয়োগ পরিকল্পনা গ্রহণ করা সম্ভব হবে।
এছাড়া জলবায়ু ও পরিবেশ শিক্ষা পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা, Youth Climate Negotiators Fellowship ও Youth Climate Summit আয়োজন এবং জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচিতে শিক্ষার্থী ও কিশোর-কিশোরীদের অংশগ্রহণ বাড়ানোর বিষয়েও বৈঠকে আলোচনা হয়।
বৈঠকে মন্ত্রণালয়ের পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ ও আইন অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. মো. সাইদুর রহমানসহ ইউনিসেফ বাংলাদেশ ও মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

