শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শেরপুর ও ধুনট উপজেলায় ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। শুমারি কার্যক্রম সুষ্ঠু ও নির্ভুলভাবে পরিচালনার জন্য প্রথম ব্যাচের প্রশিক্ষণে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হচ্ছে।
নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ১২ অক্টোবর ২০২৬, সোমবার দুপুর ২টায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ফ্যামিলি কার্ড শুমারি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
উদ্বোধনের পর বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্যের নির্ধারিত সীমাবাড়ী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে শুমারির তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হবে। পরবর্তী সময়ে পর্যায়ক্রমে ওই ইউনিয়নের অন্যান্য ওয়ার্ডেও তথ্য সংগ্রহ করা হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তথ্য সংগ্রহকারীদের হাতে ট্যাব সরবরাহ এবং তাঁদের প্রয়োজনীয় প্রশিক্ষণ সম্পন্ন হওয়ার পর শেরপুর ও ধুনট উপজেলার অন্যান্য ইউনিয়নেও পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড শুমারি কার্যক্রম শুরু করা হবে।
এ কার্যক্রমের মাধ্যমে নির্ধারিত এলাকায় তথ্য সংগ্রহের কাজ পরিচালিত হবে। শুমারি কার্যক্রম সঠিকভাবে সম্পন্ন করতে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
দৈনিক প্রাণের শহর বিডি
www.pranershohorbd.net

