দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, গণতান্ত্রিক মূল্যবোধ, সুশাসন ও জনকল্যাণ প্রতিষ্ঠায় বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সরকারের দায়িত্ব গ্রহণের ১৮০ দিনের কার্যক্রম জনগণের প্রতি জবাবদিহি, স্বচ্ছতা ও দায়বদ্ধতার প্রতিফলন বলেও মন্তব্য করেন তিনি।
সোমবার (১৭ আগস্ট) দুপুরে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘শাপলা’ হলে সরকারের ছয় মাসের কার্যক্রম, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মাহদী আমিন বলেন, নির্বাচনী ইশতেহার ও বিভিন্ন রাজনৈতিক কর্মসূচির আলোকে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, প্রবাসী কার্ড, ধর্মীয় ব্যক্তিদের সম্মানি ভাতা, খাল খনন ও বৃক্ষরোপণসহ বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন শুরু হয়েছে। কৃষকদের ঋণ মওকুফ, অবসরপ্রাপ্ত এমপিও শিক্ষকদের বকেয়া পরিশোধ এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথাও তুলে ধরেন তিনি।
শিক্ষা খাতে মেয়েদের স্নাতক পর্যন্ত বিনামূল্যে শিক্ষা, প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল, ফ্রি ওয়াইফাই এবং শিক্ষার্থীদের বিভিন্ন ক্রীড়া ও উদ্ভাবনী কার্যক্রমের উদ্যোগের কথা জানান প্রধানমন্ত্রীর মুখপাত্র। পাশাপাশি ঢাকায় ২০০টি ইলেকট্রিক বাস ও এআইভিত্তিক ট্রাফিক ব্যবস্থা চালুর পরিকল্পনার কথাও উল্লেখ করেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, রাজনৈতিক হয়রানিমুক্ত প্রশাসন, জ্বালানি সংকট মোকাবিলা এবং ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি নিয়েও সরকারের পদক্ষেপ তুলে ধরেন তিনি।
মাহদী আমিন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি সমৃদ্ধ, স্বনির্ভর, মানবিক, নিরাপদ ও কল্যাণমুখী বাংলাদেশ গড়ে তুলতে সরকার কাজ করে যাবে।

