দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চালকসহ চার বাংলাদেশি নিহত হয়েছেন। গতকাল সোমবার (৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার দিকে তায়েফ থেকে জেদ্দা বিমানবন্দরে যাওয়ার পথে আল-খুরমা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও প্রবাসীদের দেওয়া তথ্য অনুযায়ী, নিহত চারজনের বাড়িই সিলেটের কানাইঘাট উপজেলায়। দুর্ঘটনায় নিহতদের মধ্যে প্রাথমিকভাবে দুজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন—করিম উদ্দিন ও খালিদ মিয়া। নিহত অপর দুজনের নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
জানা গেছে, জেদ্দা বিমানবন্দরের উদ্দেশে যাওয়ার সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই চার বাংলাদেশির মৃত্যু হয় বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
এ ঘটনায় সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে নিহতদের নিজ এলাকা সিলেটের কানাইঘাটেও শোকের আবহ বিরাজ করছে।
নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্নের উদ্যোগ নেওয়া হয়েছে। সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও স্থানীয় কনস্যুলেটের কর্মকর্তারা মরদেহ দ্রুত দেশে পাঠানোর জন্য প্রয়োজনীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

