দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
ঢাকা, ৫ আগস্ট: ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণমাধ্যমে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। বুধবার (৫ আগস্ট) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় এ প্রতিক্রিয়া জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নয়াদিল্লিতে শেখ হাসিনাকে গণমাধ্যমের সঙ্গে প্রকাশ্যে কথা বলার সুযোগ দেওয়ায় বাংলাদেশ সরকার গভীর ক্ষোভ প্রকাশ করছে। মন্ত্রণালয়ের দাবি, ওই বক্তব্যে বাংলাদেশ রাষ্ট্র ও জনগণের বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ মন্তব্য করা হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এ ধরনের আয়োজন বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে—এ বিষয়ে আগে থেকেই ভারত সরকারকে বাংলাদেশের উদ্বেগ জানানো হয়েছিল। এরপরও অনুষ্ঠানটি অনুষ্ঠিত হওয়ায় হতাশা প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকীর দিন ভারতের মাটিতে শেখ হাসিনার এ বক্তব্য বাংলাদেশের সার্বভৌমত্ব ও ওই আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি অসম্মানজনক।
এতে আরও উল্লেখ করা হয়, ২০২৪ সালের জুলাই-আগস্টের ঘটনাবলি সম্পর্কে জাতিসংঘের তথ্য অস্বীকারের চেষ্টা ইতিহাস বিকৃতির শামিল। একই সঙ্গে বাংলাদেশ সরকার পুনর্ব্যক্ত করেছে যে, সার্বভৌম সমতা, পারস্পরিক শ্রদ্ধা ও অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতির ভিত্তিতে ভারতের সঙ্গে গঠনমূলক ও পারস্পরিক লাভজনক সম্পর্ক বজায় রাখতে চায়।
বিজ্ঞপ্তিতে ২০১৩ সালের বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের কাছে বারবার অনুরোধ জানানো হলেও এখনো কোনো সাড়া পাওয়া যায়নি বলেও উল্লেখ করা হয়েছে।

