https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাWednesday , 16 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

admin
September 16, 2026 9:35 pm
Link Copied!

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:

ঢাকা, ১৬ সেপ্টেম্বর ২০২৬: অপরাধমুক্ত ও নিরাপদ সমাজ গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল, বস্তুনিষ্ঠ ও অনুসন্ধানী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)-এর ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধমুক্ত ও নিরাপদ সমাজ গঠনে অপরাধ ও অনুসন্ধানী সাংবাদিকতা তথা ক্রাইম রিপোর্টারদের ভূমিকা গুরুত্বপূর্ণ। সময়ের সঙ্গে অপরাধের ধরনও পরিবর্তিত হয়েছে। বর্তমানে অপরাধের সঙ্গে আধুনিক প্রযুক্তি ও ডিজিটাল মাধ্যম যুক্ত হওয়ায় অপরাধ দমন ও প্রতিরোধে আধুনিক আইনি কাঠামোর পাশাপাশি গণমাধ্যম ও সাংবাদিকদের দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ ভূমিকা প্রয়োজন।
তিনি বলেন, অপরাধ, অপরাধী, অপরাধবিজ্ঞান, পুলিশ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রম পরস্পরের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় তথ্য প্রদান এবং প্রয়োজনীয় পরামর্শের ক্ষেত্রে ক্র্যাবের মতো ঐতিহ্যবাহী সংগঠনের ভূমিকা রয়েছে।

মন্ত্রী বলেন, ৩১৮ জন পেশাদার সদস্য নিয়ে ৪৩ বছরের পথচলায় ক্র্যাব অনুসন্ধানী সাংবাদিকতায় একটি অবস্থান তৈরি করেছে। অনুসন্ধানী সাংবাদিকতা জ্ঞানভিত্তিক একটি গুরুত্বপূর্ণ শাখা, যেখানে গভীর পড়াশোনা, তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের প্রয়োজন হয়।
অপরাধের মূল কারণ অনুসন্ধানের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, অপরাধকে শুধু বাহ্যিক উপসর্গ হিসেবে দেখলে হবে না; এর মূল কারণ খুঁজে বের করতে হবে। সমাজে সংঘটিত বিভিন্ন অপরাধ বিশ্লেষণ করে অনেক ক্ষেত্রে মাদক ও জুয়াকে অপরাধের অন্যতম চালিকাশক্তি হিসেবে দেখা যায়। অপরাধীর শাস্তির পাশাপাশি অপরাধ সংঘটনের সামাজিক ও অন্যান্য কারণও বিশ্লেষণ করা প্রয়োজন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ক্রাইম রিপোর্টাররা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বিভিন্ন সময় ঝুঁকির মুখে পড়েন। দায়িত্ব পালনকালে ক্ষতিগ্রস্ত বা আহত সাংবাদিকদের সিএসআর ফান্ডসহ অন্যান্য মাধ্যমে সহযোগিতার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।
এ ছাড়া পেশাগত দক্ষতা ও অনুসন্ধানী সাংবাদিকতার স্বীকৃতি হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা পুলিশ বিভাগের পক্ষ থেকে সাংবাদিকদের সনদ দেওয়ার সুযোগ রয়েছে কি না, তা আইনগতভাবে পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি।

গণমাধ্যমকে সমাজের দর্পণ উল্লেখ করে মন্ত্রী বলেন, সাংবাদিকরা সমাজের প্রতি তাঁদের দায়িত্ব যথাযথভাবে পালন করলে সমাজ ও রাষ্ট্রে অপরাধ কমাতে তা ভূমিকা রাখবে। রাষ্ট্র ও সমাজের প্রত্যাশা বাস্তবায়নে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাংবাদিকদের সক্রিয় ভূমিকা প্রয়োজন।
অ্যাসিড অপরাধ নিয়ন্ত্রণের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকারের সময়ে অ্যাসিড নিক্ষেপ প্রতিরোধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হয়েছিল। আইন, গণমাধ্যমের ভূমিকা এবং সামাজিক সচেতনতার সম্মিলিত প্রয়াসে দেশে অ্যাসিড-সংক্রান্ত অপরাধ উল্লেখযোগ্যভাবে কমেছে বলে তিনি উল্লেখ করেন। একইভাবে মাদক, অনলাইন জুয়াসহ অন্যান্য অপরাধ মোকাবিলায় সাংবাদিক, রাষ্ট্র ও সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

অনলাইন জুয়া ও মাদক নিয়ন্ত্রণে আইন সংস্কারের প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সময়ের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে পুরোনো আইন আধুনিকায়ন করা প্রয়োজন। ১৮৬৭ সালের গ্যাম্বলিং অ্যাক্ট পরিবর্তন করে ডিজিটাল স্পেসে অনলাইন জুয়া, ম্যাচ ফিক্সিং ও সংঘবদ্ধ অপরাধ মোকাবিলায় ‘জুয়া প্রতিরোধ আইন ২০২৬’ প্রণয়ন করা হয়েছে। পাশাপাশি ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) আইন, ২০২৬’ প্রণয়ন করা হয়েছে।

তিনি বলেন, দুর্বল আইনের সুযোগ নিয়ে যাতে অপরাধীরা পার পেতে না পারে, সে জন্য প্রয়োজনীয় আইন সংস্কার ও নতুন আইন প্রণয়নে সরকার কাজ করছে।
ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমালের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ, ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ এবং প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক), সচিব পদমর্যাদার কর্মকর্তা মো. রাশেদ খাঁন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্র্যাবের সাধারণ সম্পাদক এম এম বাদশাহ।
বক্তারা ক্র্যাবের ৪৩ বছরের কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
পরে স্বরাষ্ট্রমন্ত্রী কেক কেটে ক্র্যাবের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।