দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
ঢাকা, ১৬ সেপ্টেম্বর ২০২৬: আসন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে পুলিশ সদস্যদের নির্বাচনী দায়িত্ব পেশাদারিত্বের সঙ্গে পালনের লক্ষ্যে সারাদেশে নির্বাচনী প্রশিক্ষণ শুরু হয়েছে। দেশের ১১৪টি প্রশিক্ষণ ভেন্যুতে দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব ইন্টিগ্রিটিতে হেডকোয়ার্টার্স ভেন্যুর প্রশিক্ষণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
পুলিশ সদর দপ্তর সূত্রে জানানো হয়, এর আগে কোনো নির্বাচনী প্রশিক্ষণ গ্রহণ করেননি—এমন ৩৮ হাজার ৮৪৭ জন পুলিশ সদস্যকে এবারের দুই দিনব্যাপী প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে। প্রশিক্ষণের প্রথম ব্যাচে অংশ নিচ্ছেন ৪ হাজার ৯৬৫ জন পুলিশ সদস্য।
প্রশিক্ষণে স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে পুলিশ সদস্যদের দায়িত্ব, কর্তব্য ও করণীয় সম্পর্কে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হবে। পাশাপাশি নির্বাচনী দায়িত্ব পালনের ক্ষেত্রে পেশাদারিত্ব, দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এর আগে ১ লাখ ৫২ হাজার ১৭৫ জন পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। আসন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে এসব পুলিশ সদস্যকে এক দিনের রিফ্রেশার প্রশিক্ষণও দেওয়া হবে।
পুলিশ সদর দপ্তর জানায়, দুই দিনব্যাপী নির্বাচনী প্রশিক্ষণ শেষ হওয়ার পর পূর্বে প্রশিক্ষণ নেওয়া পুলিশ সদস্যদের জন্য এক দিনের রিফ্রেশার প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে। এর মাধ্যমে নির্বাচনী দায়িত্ব পালনের আগে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের প্রস্তুতি ও সক্ষমতা আরও ঝালিয়ে নেওয়া হবে।
নির্বাচনী দায়িত্ব সুষ্ঠু ও পেশাদারভাবে পালনের জন্য পর্যায়ক্রমে এসব প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন করা হবে।

