দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
ঢাকা, ২০ সেপ্টেম্বর ২০২৬: বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের উদ্যোগে পার্বত্য এলাকার মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। এ কার্যক্রমের আওতায় উন্নত চিকিৎসা ও প্রয়োজনীয় অস্ত্রোপচারের জন্য ৮৪ জন চক্ষু রোগীকে চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতালে পাঠানো হয়।
গত ১৪ সেপ্টেম্বর সেনাবাহিনীর ব্যবস্থাপনায় রোগীদের চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতালে নেওয়া হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে ৬১ জন রোগীর চোখের ছানি অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে।
অবশিষ্ট ২৩ জন রোগীর বিভিন্ন শারীরিক জটিলতা থাকায় তাৎক্ষণিকভাবে অস্ত্রোপচার করা সম্ভব হয়নি। তাদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা ও পরামর্শ দেওয়া হয়েছে। শারীরিকভাবে উপযুক্ত হওয়ার পর পর্যায়ক্রমে এসব রোগীর বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করা হবে।
চিকিৎসাসেবা শেষে রোগীদের নিজ নিজ গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করা হয়।
সেনাবাহিনী জানিয়েছে, খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন এলাকায় চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতালের সহযোগিতায় এ পর্যন্ত মোট ৯৬৪ জন রোগীকে চক্ষু চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এর মধ্যে ৩১৩ জন রোগীর চোখের ছানি অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে।
দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার পাশাপাশি পার্বত্য অঞ্চলের মানুষের জন্য মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার কথা জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

