এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ কৃষিজীবী শ্রমিক ইউনিয়ন বগুড়া অঞ্চলের উদ্যোগে এক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্তারা কৃষক-শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা, শ্রম সংস্কার বাস্তবায়ন এবং কৃষি খাতের উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
শুক্রবার (২৪ জুলাই ২০২৬) বিকেল ৪টায় বগুড়া শহরের কলোনীস্থ শাহ ওয়ালিউল্লাহ মিলনায়তনে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের বগুড়া অঞ্চলের সভাপতি প্রভাষক আতাউর রহমান।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম। তিনি বলেন, “গণভোট বাস্তবায়ন করুন। না হলে আমরা রাজপথে গণআন্দোলন গড়ে তুলবো।
এর পরিণতি গত সরকারের চেয়েও ভয়াবহ হবে। জনগণের গণরায় মেনে নিন।”
তিনি আরও বলেন, ছাত্র-শ্রমিক-জনতার আত্মত্যাগের যথাযথ স্বীকৃতি নিশ্চিত করতে হবে এবং জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে শ্রম সংস্কার কমিশনের সুপারিশ কার্যকর, কৃষিজীবী শ্রমিকদের মধ্যে বিনামূল্যে সার, উন্নতমানের বীজ ও কীটনাশক বিতরণ, সুদমুক্ত কৃষিঋণের ব্যবস্থা এবং কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করার দাবি জানান।
সমাবেশে প্রধান মেহমান হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ কৃষিজীবী শ্রমিক ইউনিয়নের সভাপতি ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম রব্বানী। তিনি বলেন, “মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলবেন না। জনগণের রায়, গণভোটের রায় মেনে নিন। কৃষকের ন্যায্য দাবিগুলো বাস্তবায়ন করুন। বিশ্বের অনেক দেশ কৃষিকে শক্তিশালী করে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয়েছে। অথচ আমাদের দেশে সার কারখানা বন্ধ রেখে বিদেশ থেকে সার আমদানি করা হচ্ছে।”
তিনি অবিলম্বে দেশের বন্ধ সার কারখানাগুলো পুনরায় চালু, কীটনাশকের মূল্য কমানো, কৃষকদের বিনামূল্যে উন্নতমানের বীজ সরবরাহ, সুদমুক্ত কৃষিঋণ প্রদান এবং কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করার আহ্বান জানান।
সংগঠনের বগুড়া জেলা সভাপতি মো. রুকুনুজ্জামানের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া মহানগর শাখার প্রধান উপদেষ্টা অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল, বগুড়া জেলা শাখার প্রধান উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর হোসেন, কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল মতিন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ড. জিয়াউল হক, বগুড়া মহানগর শাখার সভাপতি আজগর আলী, বগুড়া জেলা শাখার সভাপতি মনজুরুল ইসলাম রাজু এবং কৃষিজীবী শ্রমিক ইউনিয়নের বগুড়া অঞ্চলের সহকারী পরিচালক ডা. মনিরুজ্জামান।
সমাবেশে বিভিন্ন স্তরের কৃষক, শ্রমিক ও সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা কৃষি ও শ্রম খাতের দীর্ঘদিনের সমস্যার দ্রুত সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নের দাবি পুনর্ব্যক্ত করেন।

