স্টাফ রিপোর্টার:
বগুড়ায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে অ্যাম্বুলেন্স মালিক ও চালকদের বিভিন্ন দাবি-দাওয়া বাস্তবায়নের লক্ষ্যে জেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় বক্তারা বলেন, তাদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে— ভাড়ায় পরিচালিত অ্যাম্বুলেন্সের জন্য ভাড়াকৃত রেজিস্ট্রেশনের ব্যবস্থা, অ্যাম্বুলেন্স সংক্রান্ত বাণিজ্যিক নীতিমালার বাস্তবায়ন, প্রতিটি সরকারি হাসপাতালে অ্যাম্বুলেন্স পার্কিংয়ের ব্যবস্থা, হাইকোর্টের রায় অনুযায়ী টোল ফ্রি সুবিধা কার্যকর করা, লাশবাহী ফ্রিজার ভ্যান ও অ্যাম্বুলেন্সে লাশ বহনের সময় টোল ফ্রি সুবিধা এবং ২৪ ঘণ্টা অ্যাম্বুলেন্সের জ্বালানির নিশ্চয়তা।
বক্তারা জানান, আগামী ২৮ জুলাইয়ের মধ্যে এসব দাবি বাস্তবায়ন না হলে ২৯ জুলাই থেকে সারাদেশের কর্মসূচির অংশ হিসেবে লাগাতার ধর্মঘট পালন করা হবে।
বগুড়া জেলা শাখার আহ্বায়ক মো. সোহাগ-এর সভাপতিত্বে এবং সদস্য সচিব শামীম হোসেন-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি জাকির হোসেন বেবি, সাবেক সাধারণ সম্পাদক বাকিরুল ইসলাম, সাবেক কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম, সদস্য শাহ আলম, হৃদয়, বিল্লাল, রকি মিয়া, সোহাগ হোসেন ও রাশেদ। এছাড়া মালিকদের মধ্যে শাহীন, শিপন ও কোরবান সভায় অংশ নেন।

