ঢাকা প্রতিনিধি:
ঢাকা, ২৮ জুন ২০২৬: মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান, এমপি আজ রবিবার জাতীয় সংসদ ভবনের ভিআইপি ক্যাফেটেরিয়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও দর্শনার্থীদের সম্মানে এক মধ্যাহ্নভোজের আয়োজন করেন।
মধ্যাহ্নভোজে অংশ নেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর আইন বিভাগের ২৯ জন শিক্ষার্থী, গণসাক্ষরতা অভিযানের সহযোগী সংস্থা ‘সুরভী’র মাধ্যমে আসা সুবিধাবঞ্চিত ২১ জন শিক্ষার্থী ও শিক্ষক এবং তেজগাঁও কলেজ ডিবেটিং সোসাইটির ১৬ জন শিক্ষার্থী ও শিক্ষক।
এ সময় প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সঙ্গে আন্তরিকভাবে মতবিনিময় করেন এবং তাঁদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, শিক্ষার্থীদের যোগ্য, দক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।
তিনি আরও বলেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের এখন থেকেই নিজেকে প্রস্তুত করতে হবে।
প্রধানমন্ত্রীর সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেওয়ার সুযোগ পেয়ে শিক্ষার্থী ও শিক্ষকরা সরকারের প্রধানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সংসদ ভবন পরিদর্শন কর্মসূচির অংশ হিসেবে অংশগ্রহণকারীরা সংসদ সচিবালয়ের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত হন, সংসদ লাইব্রেরি পরিদর্শন করেন, উত্তর প্লাজায় ফটোসেশনে অংশ নেন এবং অধিবেশন কক্ষে সংসদের কার্যক্রম প্রত্যক্ষ করেন।

