এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার গাবতলী উপজেলার মগার মোড় ও তেঁতুলগাছি এলাকায় দুইটি দই কারখানায় অভিযান চালিয়ে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে দই উৎপাদন ও বাজারজাতকরণে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়। বিশেষ করে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখসহ প্রয়োজনীয় তথ্যসংবলিত লেবেল ব্যবহার না করা, নিজ প্রতিষ্ঠানের নামের পরিবর্তে অন্য প্রতিষ্ঠানের নামের মোড়ক ব্যবহার এবং পণ্যে গুঁড়া দুধ ব্যবহারের বিষয়টি যথাযথভাবে ঘোষণা না করার অপরাধে দুই ভাই দই ঘরকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া ট্রেড লাইসেন্স ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর অনুমোদন ছাড়াই দই উৎপাদন ও বাজারজাত করার অভিযোগে লতিফ মিয়াকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, ভোক্তার কাছে নিরাপদ ও মানসম্মত খাদ্যপণ্য পৌঁছে দেওয়া এবং খাদ্যপণ্যের উৎপাদন ও বাজারজাতকরণে আইন মেনে চলা নিশ্চিত করতেই এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে কারখানা দুটির কর্তৃপক্ষকে প্রচলিত আইন ও বিধি-বিধান অনুসরণ করে উৎপাদন কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়।
এ সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় ট্রেড লাইসেন্স ও বিএসটিআইয়ের অনুমোদন গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়। ভবিষ্যতে একই ধরনের অনিয়মের পুনরাবৃত্তি হলে আইন অনুযায়ী আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।
মোহাম্মদ মেহেদী হাসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন গাবতলী উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক জাকিয়া সুলতানা। অভিযানে সার্বিক নিরাপত্তা ও সহযোগিতা প্রদান করেন জেলা পুলিশের একটি চৌকস দল।
ভোক্তা অধিকার সংরক্ষণে নিয়মিত তদারকি ও অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

