এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার শাজাহানপুরে পশুখাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান আলাল কোম্পানির একটি গোডাউনে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ চোরের দল গোডাউনের তালা ভেঙে ট্রাকযোগে প্রায় ৪০ থেকে ৪২ টন ভুট্টা নিয়ে গেছে বলে জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ। চুরি যাওয়া ভুট্টার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৭ লাখ টাকা।
শুক্রবার (২৮ আগস্ট) রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার নয়মাইল হাট এলাকার বামুনিয়া ইটভাটার সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সকালে শাজাহানপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।
কোম্পানি সূত্রে জানা যায়, প্রায় এক মাস আগে পশুখাদ্য উৎপাদনের কাঁচামাল ভুট্টা সংরক্ষণের জন্য নয়মাইল এলাকায় শাহাদত হোসেন নামের এক আলু ব্যবসায়ীর নিজস্ব গোডাউন ভাড়া নেয় আলাল কোম্পানি। পরবর্তী সময়ে বিভিন্ন বাজার থেকে সংগ্রহ করে সেখানে প্রায় ৯০০ মেট্রিক টন ভুট্টা মজুদ করা হয়। গোডাউনের নিরাপত্তার জন্য কোম্পানির পক্ষ থেকে একজন নৈশপ্রহরীও নিয়োগ দেওয়া হয়েছিল।
কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে, অন্যান্য রাতের মতো বৃহস্পতিবার রাতেও শেরপুর এলাকার জয়নাল হোসেন নামের ওই নৈশপ্রহরী গোডাউন পাহারায় ছিলেন। রাত ২টার দিকে তার বাড়ি থেকে ফোন করে পরিবারের এক সদস্য অসুস্থ হওয়ার খবর জানানো হয়। এরপর তিনি গোডাউন ছেড়ে নিজ বাড়ি শেরপুরে চলে যান বলে জানিয়েছেন জয়নাল।
এর কিছু সময় পরই দুর্বৃত্তরা গোডাউনের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে একটি ট্রাকে করে বিপুল পরিমাণ ভুট্টা নিয়ে তারা ঘটনাস্থল ত্যাগ করে বলে অভিযোগ করেছে কোম্পানি কর্তৃপক্ষ।
ঘটনার পর গোডাউনে থাকা বিপুল পরিমাণ পণ্য ও নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। এত বড় পরিমাণ পণ্য কীভাবে অল্প সময়ের মধ্যে গোডাউন থেকে বের করে নেওয়া হলো, চুরির ঘটনায় কতজন জড়িত এবং ট্রাকটি কোন পথে গেছে – এসব বিষয় খতিয়ে দেখছে পুলিশ।
শাজাহানপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহসহ ঘটনার বিষয়ে প্রাথমিক তথ্য নেওয়া শুরু করেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও চুরি যাওয়া ভুট্টা উদ্ধারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
ঘটনার সঙ্গে নৈশপ্রহরীর ভূমিকা ছিল কি না, নাকি পারিবারিক জরুরি পরিস্থিতির সুযোগ নিয়ে সংঘবদ্ধ চোরের দল পরিকল্পিতভাবে চুরি করেছে – এ বিষয়টিও তদন্তের আওতায় রয়েছে।

