https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকামঙ্গলবার, 10 নভেম্বর 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় আইটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রশিক্ষণ ভাতা আত্মসাতের অভিযোগ

admin
নভেম্বর 10, 2026 9:47 অপরাহ্ন
Link Copied!

‎
‎এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ায় সাইবার টেক আইটি পার্ক লিমিটেড নামের একটি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের বিরুদ্ধে নারী প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ ভাতার অর্থ পরিশোধ না করার অভিযোগ উঠেছে। দীর্ঘ সময় পার হলেও প্রতিশ্রুত ভাতা না পেয়ে ভুক্তভোগী প্রশিক্ষণার্থীরা বগুড়া জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছেন। আবেদনে বিষয়টি তদন্ত করে তাঁদের প্রাপ্য অর্থ পরিশোধের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।
‎
‎অভিযোগকারী প্রশিক্ষণার্থীদের আবেদনে জানা যায়, বগুড়া মহানগরীর সুরভী অ্যাপার্টমেন্ট, জহুরুল নগর লেনের রেডিলাইট কমপ্লেক্স ভবনে অবস্থিত সাইবার টেক আইটি পার্ক লিমিটেডে ২০২৫ সালের ডিসেম্বর থেকে তিন মাস মেয়াদি বিভিন্ন প্রশিক্ষণ কোর্স শুরু হয়। SICIP-এর BWCCI-এর আওতায় পরিচালিত ‘গ্রাফিক ডিজাইন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট’ লেভেল-২ ও লেভেল-৩ কোর্সে তাঁরা দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণার্থী হিসেবে অংশ নেন। প্রশিক্ষণ শেষে সবাই নির্ধারিত মূল্যায়নে কম্পিটেন্ট বা যোগ্য হিসেবে উত্তীর্ণ হন বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।
‎
‎প্রশিক্ষণার্থীদের অভিযোগ, কোর্সে ভর্তির সময় তাঁদের জানানো হয়েছিল, প্রশিক্ষণ শেষ হওয়ার তিন মাসের মধ্যে প্রত্যেককে আনুমানিক ১৬ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে। কিন্তু প্রশিক্ষণ শেষ হওয়ার পর আট মাসের বেশি সময় অতিবাহিত হলেও তাঁরা প্রতিশ্রুত অর্থ পাননি।
‎
‎তাঁদের দাবি, দীর্ঘ পাঁচ থেকে ছয় মাস অপেক্ষার পর ভাতার বিষয়ে খোঁজ নিতে গিয়ে জানতে পারেন, এর আগের প্রথম ব্যাচের প্রশিক্ষণার্থীরাও ভাতা পাননি। পরবর্তী সময়ে অভিযোগের বিষয়টি সামনে আনার কথা বললে প্রথম ব্যাচের কয়েকজন প্রশিক্ষণার্থীকে ছয় থেকে সাত হাজার টাকা করে দেওয়া হয় বলে তাঁরা জানতে পারেন।
‎
‎প্রশিক্ষণার্থীরা আরও অভিযোগ করেন, ভাতার বিষয়ে জানতে চাইলে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা দিয়েছে। কখনো বলা হয়েছে, ভাতার অর্থ পাওয়া বা না পাওয়া প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে নেই। আবার কখনো প্রয়োজনীয় কাগজপত্রে ভুল থাকার কথা জানিয়ে সেগুলো সংশোধনের অজুহাতে কয়েকজন প্রশিক্ষণার্থীর কাছ থেকে ৫০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তাঁরা।
‎
‎অভিযোগ অনুযায়ী, একাধিকবার প্রশিক্ষণার্থীদের বিকাশ নম্বর সংগ্রহ করে ছয় থেকে আট হাজার টাকা করে দেওয়ার আশ্বাস দেওয়া হয়। একই সঙ্গে ভাতার ৫০ শতাংশ কেটে রাখার কথাও বলা হয়েছে বলে তাঁদের দাবি। এ ছাড়া কিছু প্রশিক্ষণার্থীকে ভবিষ্যতে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়ার আশ্বাস দিয়ে অপেক্ষা করতে বলা হয়।
‎
‎প্রশিক্ষণার্থীদের ভাষ্য, কখনো বলা হয়েছে প্রথম ব্যাচের ভাতা ছাড় না হওয়ায় তাঁদের অর্থও দেওয়া যাচ্ছে না, আবার কখনো জানানো হয়েছে SICIP থেকে সরাসরি তাঁদের বিকাশ অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। তবে সরাসরি বিকাশে অর্থ পাঠানো হলে প্রতিষ্ঠান কীভাবে ভাতার টাকা থেকে ৫০ শতাংশ কেটে রাখবে—এমন প্রশ্নের সন্তোষজনক ব্যাখ্যা তাঁরা পাননি বলে অভিযোগ করেছেন।
‎
‎তাঁদের আরও অভিযোগ, বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে ভাতার পরিমাণ কমিয়ে দেওয়ার ভয় দেখানো হয়েছে। অন্যদিকে SICIP-এর ওয়েবসাইটে দেওয়া যোগাযোগ নম্বরগুলোতেও যোগাযোগ করতে পারছেন না বলে জানিয়েছেন তাঁরা।
‎
‎এ অবস্থায় প্রশিক্ষণার্থীরা তাঁদের প্রাপ্য অর্থ নিয়ে অনিশ্চয়তা ও ভোগান্তির মধ্যে রয়েছেন। তাঁদের দাবি, বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে ভাতার অর্থ ছাড়ের প্রকৃত অবস্থা যাচাই করা হোক এবং নিয়ম অনুযায়ী প্রত্যেক যোগ্য প্রশিক্ষণার্থীকে তাঁর প্রাপ্য অর্থ বুঝিয়ে দেওয়ার ব্যবস্থা করা হোক।
‎
‎এ বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা-ও প্রকাশ করা হবে।
‎

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।