এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৪৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১২), সিপিএসসি বগুড়া ক্যাম্প। এ সময় মাদক কারবারে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন পালসার মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও দুটি সিমকার্ড জব্দ করা হয়েছে।
গত বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ১১টা ২০ মিনিটে বগুড়া সদর থানাধীন চকসুত্রাপুর পশ্চিমপাড়া চামড়াগুদাম মসজিদ মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, বগুড়া সদর উপজেলার চকসুত্রাপুর পশ্চিমপাড়ার রাজু মণ্ডল (৪৩) এবং গাবতলী উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের বাইগুনি গ্রামের সোহেল রানা (৩৫)।
এসআরবি-১২ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় কয়েকজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য কেনাবেচা করছেন বলে তথ্য পায় সিপিএসসি বগুড়া ক্যাম্প। প্রাপ্ত তথ্যের সত্যতা যাচাই ও মাদক কারবারিদের আইনের আওতায় আনতে ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৪৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অভিযানে মাদকদ্রব্য পরিবহন ও কারবারে ব্যবহারের অভিযোগে একটি রেজিস্ট্রেশনবিহীন পালসার মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন এবং দুটি সিমকার্ড জব্দ করা হয়।
গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত মাদক ও জব্দ করা আলামতসহ তাদের বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এসআরবি-১২, সিপিএসসি বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ ও দেশ গঠনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সর্বস্তরের জনগণকে মাদকবিরোধী কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, মাদকসংক্রান্ত যেকোনো তথ্য দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করলে মাদক কারবারিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ সহজ হবে।

