এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার শাজাহানপুরে জমি-সংক্রান্ত বিরোধের জেরে খোরশেদ আলম (৩৮) হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক চার নম্বর আসামি মো. বেল্লালকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১২ (এসআরবি-১২)। হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে গাবতলী উপজেলার কালাইহাটা এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে বেল্লালকে আটক করা হয়। এসআরবি-১২-এর অধীন ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজড কোম্পানি (সিপিএসসি), বগুড়ার একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
এসআরবি-১২ সূত্রে জানা যায়, গত ৫ নভেম্বর সকাল আনুমানিক ১১টার দিকে খোরশেদ আলম বাজার করার উদ্দেশ্যে শাজাহানপুর উপজেলার মাদলা বাজারে যান। বাজার শেষে বাড়ি ফেরার পথে বাজারের পূর্ব পাশে মতি ইলেকট্রিকস নামের একটি দোকানের সামনে পৌঁছালে পূর্ববিরোধের জেরে একদল ব্যক্তি তাঁর পথ আটকে দেন।
এ সময় হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে খোরশেদের শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এতে তিনি গুরুতর আহত হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন। পরে হামলাকারীরা তাঁর সঙ্গে থাকা দুই লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে।
স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় খোরশেদকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে গত ৭ নভেম্বর রাত ৮টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৮ নভেম্বর বিকেল ৪টা ৪০ মিনিটে তিনি মারা যান।
এ ঘটনায় নিহতের বাবা মো. আনছার আলী (৭০) বাদী হয়ে শাজাহানপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় দণ্ডবিধির ১৪৩, ৩৪১, ৩২৩, ৩২৪, ৩২৬, ৩০৭, ৩৭৯, ৪২৭ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।
হত্যাকাণ্ডের পর থেকেই মামলার এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছিল। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পলাতক চার নম্বর আসামি বেল্লালকে গ্রেপ্তার করতে সক্ষম হয় এসআরবি-১২।

