দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), বগুড়ার সাইবার ক্রাইম সেলের উদ্যোগে অক্টোবর মাসে উদ্ধার করা ৭০টি হারানো মোবাইল ফোন এবং ই-কমার্স প্রতারণার ঘটনায় আত্মসাৎ করা ৫৪ হাজার টাকা প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) বেলা সাড়ে ১১টার দিকে ৪ এপিবিএন, বগুড়ার অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. শহীদ আবু সরোয়ারের নির্দেশনায় এসব মোবাইল ফোন ও নগদ অর্থ হস্তান্তর করা হয়।
উদ্ধার করা ৭০টি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোনের আনুমানিক বাজারমূল্য ১২ লাখ ৯১ হাজার ৪৩৭ টাকা। এ ছাড়া ই-কমার্স প্রতারণার একটি ঘটনায় উদ্ধার করা হয় ৫৪ হাজার টাকা।
এ সময় উপস্থিত ছিলেন ৪ এপিবিএনের সহ-অধিনায়ক পুলিশ সুপার মধুসূদন রায়, অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাসসহ ব্যাটালিয়নের অন্যান্য কর্মকর্তারা।
হারানো মোবাইল ফোন ও প্রতারণার মাধ্যমে খোয়া যাওয়া টাকা ফিরে পেয়ে প্রকৃত মালিকরা ৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, নিশিন্দারা, বগুড়া কর্তৃপক্ষের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
৪ এপিবিএন সূত্রে জানা যায়, অক্টোবর মাসে মোবাইল ফোন ও নগদ অর্থ উদ্ধারের পাশাপাশি সাইবার ক্রাইম সেল আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিচালনা করে। এর মধ্যে দুজন নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে সহায়তা, হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও ইমো অ্যাকাউন্ট হ্যাকিং এবং সাইবার বুলিং-সংক্রান্ত অভিযোগের সমাধান উল্লেখযোগ্য।
সাইবার অপরাধসংক্রান্ত অভিযোগ ও সহযোগিতার জন্য ৪ এপিবিএন, বগুড়ার সাইবার ক্রাইম সেলের হটলাইন ও হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগ: ০১৩২০-১৯০২০৬।
সাইবার অপরাধের শিকার ব্যক্তিদের প্রয়োজনীয় সহযোগিতা দিতে ৪ এপিবিএন, বগুড়ার সাইবার ক্রাইম সেল কাজ করছে বলে জানানো হয়েছে।

