এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার আদমদীঘি উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে দুইজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়া। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়ার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৬ জুলাই ২০২৬) বিকেল ৪টা ৫০ মিনিটে ডিএনসি, বগুড়ার ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল আদমদীঘি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল ইসলামের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানকালে ১০০ গ্রাম গাঁজা ও ২ লিটার চোলাই মদসহ দুইজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন আদমদীঘি উপজেলার বড় আখিড়া গ্রামের মৃত গুণিজের ছেলে লিটন হোসেন (৩৪) এবং নওগাঁ জেলার রাণীনগর উপজেলার পশ্চিম বালুঘরা গ্রামের মৃত লুৎফর সরদারের ছেলে মো. রুস্তম (৪০)।
পরে ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড এবং অপরজনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
এ সময় জব্দকৃত মাদকদ্রব্য বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, মাদক নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে। সমাজকে মাদকের অভিশাপ থেকে রক্ষা করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করা হয়েছে।

