এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়া মহানগরের কাটনার পাড়া ব্রাদার্স ক্লাবের উদ্যোগে মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ জুলাই ২০২৬) সকালে উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন বগুড়া মহানগর যুবদলের ৩ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি মেফতা আল রশিদ মিল্টন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেফতা আল রশিদ মিল্টন বলেন, খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি, পারস্পরিক সম্প্রীতি ও ইতিবাচক মানসিকতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি বলেন, যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে নিয়মিত ক্রীড়া আয়োজনের কোনো বিকল্প নেই। এ ধরনের উদ্যোগ সমাজে সুস্থ সাংস্কৃতিক ও সামাজিক পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলেও তিনি উল্লেখ করেন। পাশাপাশি কাটনার পাড়া ব্রাদার্স ক্লাবের এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করে ভবিষ্যতেও ধারাবাহিকভাবে এমন আয়োজন চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাটনার পাড়া ব্রাদার্স ক্লাবের সভাপতি মেহেদী হাসান অপু এবং সঞ্চালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক রিমন হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম শাহিন, সহ-সভাপতি নাহিদ এবং ২ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক রনি ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে ক্লাবের সদস্যবৃন্দ, স্থানীয় ক্রীড়াপ্রেমী, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।
উদ্বোধনী ম্যাচে ব্রাদার্স ক্লাব মুখোমুখি হয় বেজোড়া স্পোর্টিং ক্লাবের। দুই দলের খেলোয়াড়দের প্রাণবন্ত, গতিময় ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নৈপুণ্যে মাঠজুড়ে সৃষ্টি হয় উৎসবের আমেজ। দর্শকদের করতালি ও উচ্ছ্বাসে মুখরিত পরিবেশে টুর্নামেন্টের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
আয়োজকরা জানান, টুর্নামেন্টজুড়ে সুষ্ঠু, সুন্দর ও প্রতিযোগিতামূলক খেলার পরিবেশ নিশ্চিত করা হবে। খেলাধুলার মাধ্যমে তরুণদের সুস্থ বিনোদন, শারীরিক ও মানসিক বিকাশ এবং সামাজিক সম্প্রীতি জোরদার করাই এ আয়োজনের মূল লক্ষ্য। স্থানীয় পর্যায়ে ক্রীড়া চর্চা বিস্তারে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে আরও সম্প্রসারিত হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

