এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার কাহালু উপজেলায় নিজ বসতঘর থেকে আবু হানিফ (২২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩০ অক্টোবর) ভোর ৬টার দিকে উপজেলার মালঞ্চা ইউনিয়নের সাতরুখা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আবু হানিফ ওই গ্রামের আব্দুল গোফফারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আবু হানিফের বাবা-মায়ের বিবাহবিচ্ছেদের পর তার মা মোছা. হামিদা বেগম আব্দুল কাদের নামে এক ব্যক্তিকে বিয়ে করেন। এরপর থেকে মায়ের দ্বিতীয় স্বামীর বাড়িতেই বসবাস করতেন আবু হানিফ।
পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত আনুমানিক ১০টার দিকে রাতের খাবার শেষে সবাই নিজ নিজ কক্ষে ঘুমাতে যান। শুক্রবার ভোরে আবু হানিফের ১২ বছর বয়সী সৎবোন কারিমা খাতুন ঘরের ভেতরে আড়ার সঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এ সময় তার চিৎকারে পরিবারের অন্য সদস্য ও প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে আসেন।
পরে তাকে নিচে নামানো হলে মৃত অবস্থায় পাওয়া যায়। খবর পেয়ে কাহালু থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং প্রয়োজনীয় সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।

