এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার গাবতলী উপজেলায় ঝটিকা মিছিলের অভিযোগে শামসুজ্জোহা (ওরফে শিহাব) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ জুন) রাতেই অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাবতলী উপজেলার দক্ষিণপাড়া ইউনিয়নের লাংলু হাট এলাকা থেকে ডাকুমারা গ্রামের পাকা সড়ক পর্যন্ত একটি ঝটিকা মিছিল বের করা হয়। অভিযোগ রয়েছে, ওই মিছিলে স্থানীয় আওয়ামী লীগ নেতা হিসেবে পরিচিত শামসুজ্জোহা নেতৃত্ব দেন এবং দলীয় স্লোগান দেওয়া হয়।
ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত অভিযান পরিচালনা করে শামসুজ্জোহাকে গ্রেপ্তার করে। তিনি উপজেলার তরফ ভাইখা গ্রামের বাসিন্দা এবং আজিজুর রহমানের ছেলে।
এ বিষয়ে গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিব হোসেন বলেন, “ঝটিকা মিছিলের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”
পুলিশ জানায়, এ ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, জনশৃঙ্খলা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে। ঘটনার প্রকৃত তথ্য উদ্ঘাটনে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।

