এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার গাবতলী উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের বেতরকান্দি ব্রিজ এলাকা থেকে অবৈধভাবে সার পরিবহনের অভিযোগে ২০ বস্তা সারসহ একটি ভ্যান আটক করা হয়েছে। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত ভ্যানচালককে ৩০০ টাকা জরিমানা করেছেন।
শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে দুর্গাহাটা ইউনিয়ন পরিষদ চত্বরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জব্দ করা সারগুলো বাজেয়াপ্ত ঘোষণা করা হয়। পরে সরকারি নির্ধারিত মূল্যে সারগুলো সাধারণ জনগণের কাছে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। সারের প্রকৃত মালিক ঘটনাস্থলে উপস্থিত না থাকায় সার পরিবহনের সঙ্গে যুক্ত ভ্যানচালককে ৩০০ টাকা জরিমানা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মাহিদুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুর সবুর, গাবতলী মডেল থানার উপপরিদর্শক (এসআই) শরিফুজ্জামান, দুর্গাহাটা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জুয়েল রানা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, কৃষি মৌসুমে প্রয়োজনীয় সময়ে অনেক কৃষক ন্যায্যমূল্যে সার সংগ্রহ করতে হিমশিম খাচ্ছেন। অথচ অন্যদিকে অবৈধভাবে সার মজুত ও পরিবহনের অভিযোগ উঠছে। স্থানীয়দের দাবি, কিছু অসাধু ব্যবসায়ী অধিক মুনাফার আশায় সার অন্যত্র সরিয়ে নেওয়ার সঙ্গে জড়িত। এর ফলে কৃষক পর্যায়ে কৃত্রিম সারসংকট তৈরির আশঙ্কা দেখা দিচ্ছে।
এলাকাবাসীর অভিযোগ, এ ধরনের অনিয়ম বন্ধে নিয়মিত তদারকি ও কঠোর নজরদারি জরুরি। একই সঙ্গে প্রকৃত কৃষকদের জন্য সরকার নির্ধারিত মূল্যে সারের সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন তাঁরা।

