এম,এ রাশেদ, স্টাফ রিপোর্টার:
বগুড়ার ধুনট উপজেলায় পারিবারিক কলহের জেরে মুন্নি খাতুন (৩৩) নামে দুই সন্তানের জননীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামী নুর সালামের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলার মথুরাপুর ইউনিয়নের মধুপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নুর সালাম তাঁর স্ত্রী মুন্নি খাতুন ও দুই ছেলেকে নিয়ে মধুপুর গ্রামের আলতাব আলীর বাড়িতে ভাড়া থাকতেন। দীর্ঘদিন ধরে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাঁদের মধ্যে বিরোধ ও ঝগড়া-বিবাদ চলছিল। এরই ধারাবাহিকতায় শুক্রবার দুপুরে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি ও বাগ্বিতণ্ডা শুরু হয়।
একপর্যায়ে নুর সালাম তাঁর স্ত্রীকে মারধর করেন এবং গলায় থাকা ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করেন বলে অভিযোগ রয়েছে। এতে ঘটনাস্থলেই মুন্নি খাতুনের মৃত্যু হয়।
খবর পেয়ে ধুনট থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত নুর সালামকে গ্রেপ্তার করে। পরে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত নুর সালামকে গ্রেপ্তার করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছেন বলেও জানান ওসি।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

