এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ পাঁচজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়া। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (১২ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে শিবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোট ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন—শিবগঞ্জ উপজেলার গড় মহাস্থান শালবাগান এলাকার মো. আনিছুর রহমানের ছেলে মো. রিংকু (৩০), গাবতলী উপজেলার নাংলো পশ্চিমপাড়া এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে মো. দুলু মিয়া (৪৮), বগুড়া সদর উপজেলার দশটিকা এলাকার মো. আসলামের ছেলে মো. মামুন (৩০), নাটোরের সিংড়া উপজেলার রাম আনন্দ, খাজুরিয়া এলাকার মো. শরিফুলের ছেলে মো. রাশেদুল (২৫) এবং শিবগঞ্জ উপজেলার বেলগড়িয়া এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে মো. আব্দুল গফুর (৬৫)।
ডিএনসি বগুড়ার ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল এবং শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে মাদকদ্রব্যসহ পাঁচজনকে আটক করার পর ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারিক কার্যক্রম শেষে পাঁচজনকেই এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ৫০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানে জব্দ করা ৫০০ গ্রাম গাঁজা বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ কারবারের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সর্বস্তরের মানুষের সচেতনতা ও সহযোগিতা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, ধারাবাহিক মাদকবিরোধী অভিযান ও জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে বগুড়াসহ সারাদেশে মাদকের বিস্তার রোধে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।

