মিন্টু ইসলাম:
বগুড়ার শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, পচা ও বাসি মিষ্টি সংরক্ষণ ও বিক্রিসহ নানা অনিয়মের দায়ে একটি হোটেলকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) সকাল ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা ৪০ মিনিট পর্যন্ত উপজেলার সাব-রেজিস্ট্রি অফিস বাজার এলাকায় অবস্থিত ‘গ্যানেন গোপাল হোটেল সুইটস অ্যান্ড রেস্টুরেন্টে’ এ অভিযান পরিচালনা করা হয়।
বগুড়া জেলা প্রশাসকের সার্বিক নির্দেশনায় উপজেলা প্রশাসন, শেরপুরের সহযোগিতায় অভিযানে নেতৃত্ব দেন শেরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুন।
অভিযানকালে হোটেলটিতে পচা ও বাসি মিষ্টি সংরক্ষণ ও বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, রান্নাঘরে গরুর শুকনা গোবর সংরক্ষণের স্থানে পরোটার ময়দার খামির তৈরি এবং ওয়াশরুমের দরজার পাশে বসে খাবারের প্লেট পরিষ্কার করার মতো অনিয়ম পাওয়া যায়।
এ ছাড়া উৎপাদিত খাবার অস্বাস্থ্যকর পরিবেশে সংরক্ষণ, ফ্রিজে কাঁচা ও রান্না করা খাবার একসঙ্গে রাখা, পোড়া তেলে খাবার তৈরি এবং খাদ্যকর্মীদের যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ না করার বিষয়টিও অভিযানে উঠে আসে।
এসব অপরাধের দায় স্বীকার করায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৩ ধারায় প্রতিষ্ঠানটিকে তিন লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে। পাশাপাশি এসব বিষয়ে প্রতিষ্ঠানের মালিকের কাছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বগুড়া জেলা কার্যালয় থেকে ব্যাখ্যা তলব করা হয়েছে।
অভিযানে বগুড়ার নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল, শেরপুরের দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক তাহমিনা আক্তার, নমুনা সংগ্রহ সহকারী মো. মামুনুর রশিদসহ সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
অভিযানকালে সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করে শেরপুর থানা পুলিশের একটি দল।
এ সময় অভিযুক্ত প্রতিষ্ঠানটিকে সরকারের প্রচলিত আইন ও বিধিবিধান মেনে নিরাপদ খাদ্য উৎপাদন, সংরক্ষণ ও পরিবেশনের নির্দেশনা দেওয়া হয়।

