এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার শেরপুর উপজেলায় বৈদ্যুতিক বাল্বের ভেতরে লুকিয়ে রাখা ১১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারের ঘটনায় মো. সোহেল (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁর বসতবাড়ির একটি শয়নকক্ষ তল্লাশি করে এসব মাদক উদ্ধার করা হয়।
গ্রেপ্তার সোহেল শেরপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের উত্তর সাহাপাড়া এলাকার বাসিন্দা। তিনি মৃত আব্দুল হানিফ শেখ ওরফে বীরের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়া জেলা কার্যালয় সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে উত্তর সাহাপাড়া এলাকায় ইয়াবা মজুতের খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সোহেলের নিজ দখলে থাকা তিন কক্ষবিশিষ্ট একতলা পাকা বাড়ির উত্তর পাশের দক্ষিণমুখী শয়নকক্ষে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে অ্যামফিটামিনযুক্ত ১১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকে সোহেলকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. আসলাম আলী মণ্ডল বাদী হয়ে শেরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
উদ্ধার করা ইয়াবার চালানের সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তদন্তে অন্য কারও সম্পৃক্ততা পাওয়া গেলে তাঁদের শনাক্ত করে আইনের আওতায় আনার পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিস্তার রোধে অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত শূন্য সহনশীলতা নীতি বাস্তবায়নে সংশ্লিষ্ট সংস্থাগুলো কাজ করে যাচ্ছে।

