এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার গাবতলী উপজেলায় অনলাইন জুয়ার কার্যক্রম পরিচালনার অভিযোগে এক কথিত মাস্টার এজেন্টকে গ্রেপ্তার করেছে পুলিশ পুলিশ। গত মঙ্গলবার (২৩ জুন ২০২৬) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, গাবতলী থানার নেপালতলী ইউনিয়নের বুরুজ বাজার থেকে কদমতলী গামী পাকা সড়কের বুরুজ বালিকা বিদ্যালয়ের সামনের সেতুর ওপর এক ব্যক্তি মোবাইল ফোন ব্যবহার করে অনলাইন জুয়ার কার্যক্রম পরিচালনা করছেন এবং বিভিন্ন জুয়াড়ির অ্যাকাউন্টে মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে অর্থ লেনদেন করছেন- এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।
অভিযানে বিকেল সাড়ে ৫টার দিকে কদমতলী (দড়িপাড়া) এলাকার বাসিন্দা সুষেন চন্দ্র রায় (৩০), মৃত সুনীল চন্দ্র রায়ের ছেলে, গ্রেপ্তার হন।
পুলিশের দাবি, গ্রেপ্তারকৃত ব্যক্তির কাছ থেকে একটি রিয়েলমি C25s মোবাইল ফোন, অনলাইন জুয়া পরিচালনায় ব্যবহৃত বিভিন্ন অ্যাপস, মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের তথ্য এবং জুয়ার লেনদেনসংক্রান্ত গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তির নামে অ্যাকাউন্ট খুলে অনলাইন জুয়ার কার্যক্রম পরিচালনা ও আর্থিক লেনদেন করে আসছিলেন বলেও অভিযোগ পুলিশের।
পুলিশের ভাষ্যমতে, অনলাইন জুয়ার বিস্তারের ফলে তরুণ সমাজ আর্থিক ও নৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি এ ধরনের কর্মকাণ্ড বিভিন্ন অপরাধপ্রবণতা বৃদ্ধির কারণ হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
এ ঘটনায় সাইবার সুরক্ষা আইন-২০২৬ এর ২০(২) ধারায় মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে বিচারিক হেফাজতে পাঠানো হয়।
গাবতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিব হোসেন বলেন, “অনলাইন জুয়া ও সাইবার অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের অবৈধ কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

