এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
বুধবার (১০ জুন ২০২৬) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়া কার্যালয়ের ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল দুপচাঁচিয়া উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (ভূমি) মোঃ তোহিদুল ইসলামের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে। অভিযান চলাকালে ৫০০ গ্রাম গাঁজাসহ ৫ জনকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মোঃ আল আমিন খান (২৭), পিতা: মৃত ছাত্তার খান, সাং- ধাপেরহাট, থানা- দুপচাঁচিয়া; মোঃ আবু বক্কর (২২), পিতা: মোঃ আলাউদ্দিন, সাং- বড়ধাপ; মোঃ সোহাগ মণ্ডল (২৮), পিতা: মোঃ নূর ইসলাম মণ্ডল, সাং- মামুদপুর, থানা- ক্ষেতলাল, জেলা- জয়পুরহাট; মোছাঃ মঞ্জিলা (৫০), পিতা: মৃত মোবারক, সাং- খোলাস; এবং মোঃ বাবলু সাকিদার (৪৫), পিতা: মৃত আব্দুল গফুর সাকিদার, সাং- বড়ধাপ, থানা- দুপচাঁচিয়া।
ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় অভিযুক্তদের মধ্যে দুইজনকে ১ মাস করে, একজনকে ২০ দিনের, একজনকে ৪৫ দিনের এবং একজনকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এছাড়া দুইজনকে ৫০০ টাকা করে, দুইজনকে ২০০ টাকা করে এবং অপর একজনকে ১০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সমাজকে মাদকমুক্ত রাখতে নিয়মিত অভিযান, নজরদারি ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও তারা উল্লেখ করেন।
স্থানীয় সচেতন মহল মাদকবিরোধী এ অভিযানের প্রশংসা করে বলেন, তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে এ ধরনের অভিযান আরও জোরদার করা প্রয়োজন।

