এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার ধুনট উপজেলার চৌকিবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং চৌকিবাড়ি ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি আজহার আলী খান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর।
রোববার (২৮ জুন ২০২৬) সকাল সাড়ে ৮টার দিকে বার্ধক্যজনিত কারণে উপজেলার চান্দিয়ার গ্রামে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি চার ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী ও গুণগ্রাহী রেখে গেছেন।
দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক জীবনে আজহার আলী খান চৌকিবাড়ি ইউনিয়নের উন্নয়ন, শিক্ষা বিস্তার, অবকাঠামো নির্মাণ এবং বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠান গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। স্থানীয় জনসেবায় তাঁর অবদান এলাকাবাসীর কাছে আজও স্মরণীয় হয়ে থাকবে। সৎ, নির্লোভ ও নীতিবান রাজনীতিক হিসেবে তিনি সর্বমহলে সম্মানিত ছিলেন। ব্যক্তিজীবনে সততা ও আদর্শের প্রশ্নে তিনি কখনো দুর্নীতি কিংবা অন্যায়ের সঙ্গে আপস করেননি।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বগুড়া-৫ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ, উপজেলা বিএনপির সভাপতি তৌহিদুল ইসলাম মামুন, পৌর বিএনপির সভাপতি আলিমুদ্দিন হারুনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। শোকবার্তায় তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
রোববার বাদ আসর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়। তাঁর মৃত্যুতে ধুনটসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

