স্টাফ রিপোর্টার:
বগুড়ায় বিএসটিআই কর্তৃক নিষিদ্ধ ঘোষিত বিপজ্জনক প্রসাধনী সামগ্রী বিক্রির দায়ে শাহ বিপণি বিতান নামের একটি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে শহরের নিউমার্কেট এলাকায় জেলা প্রশাসন ও বিএসটিআই আঞ্চলিক কার্যালয়ের যৌথ অভিযানে ভ্রাম্যমাণ আদালতে এই জরিমানা করা হয়।
সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেল চারটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত নিউমার্কেট এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে শাহ বিপণি বিতানে বিএসটিআইয়ের নিষিদ্ধ ঘোষিত নিউ ফেস, ডিউ, নিভিয়া, চাঁদনী, পার্ল ও গোরি ব্র্যান্ডের বিপজ্জনক প্রসাধনী সামগ্রী বিক্রির প্রমাণ পাওয়া যায়। পরে বিএসটিআই সংশ্লিষ্ট ধারায় ওই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বগুড়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমাদ। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয়ের পরিদর্শক শাহ্ আলম পলাশ খাঁন ও ফিল্ড অফিসার শাহানূর হোসেন খান। অভিযানে সার্বিক সহযোগিতা করেন বিএসটিআইয়ের সহকারী পরিচালক (সিএম) দেলোয়ার হোসেন।
বগুড়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমাদ বলেন, অভিযান চলাকালে একটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে এবং বাজারের অন্য প্রসাধনী দোকানগুলোতে এসব নিষিদ্ধ পণ্য বিক্রি না করার জন্য ব্যবসায়ীদের সতর্ক ও সচেতন করা হয়।

