স্টাফ রিপোর্টার:
বগুড়ার শিবগঞ্জে উদ্ধার হওয়া আনুমানিক ৩ কোটি টাকা মূল্যের কালো পাথরের প্রাচীন বিষ্ণু মূর্তি আদালতের নির্দেশনা অনুযায়ী মহাস্থান জাদুঘর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) শিবগঞ্জ থানায় আনুষ্ঠানিকভাবে মূর্তিটি মহাস্থান জাদুঘরের কাস্টোডিয়ান মোছা. রাজিয়া সুলতানার কাছে হস্তান্তর করেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান শাহীন।
এর আগে গত ৯ জুলাই গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ থানা পুলিশ উপজেলার আটমূল ইউনিয়নের দোপাড়া গ্রামে অভিযান চালিয়ে মূল্যবান কালো পাথরের এই প্রাচীন বিষ্ণু মূর্তিটি উদ্ধার করে।
হস্তান্তর অনুষ্ঠানে মহাস্থান জাদুঘরের সহকারী কাস্টোডিয়ান মো. শাহরিয়ার শাফী হাসান, শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এস. এম. তাজুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ মাস্টারসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
জাদুঘর কর্তৃপক্ষ জানায়, উদ্ধার হওয়া এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনটি মহাস্থান জাদুঘরের সংগ্রহশালাকে আরও সমৃদ্ধ করবে। সংরক্ষণের প্রয়োজনীয় কার্যক্রম শেষে দর্শনার্থীদের জন্য এটি প্রদর্শনের ব্যবস্থা করা হবে।

