শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
সমাজসেবামূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে বগুড়ার শেরপুর উপজেলার ছাতিয়ানী এলাকায় এক দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। তরুণ সমাজসেবক ও খানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী রাফি আল আমিনের উদ্যোগে আয়োজিত এই ক্যাম্প মঙ্গলবার (২৬ মে) সকাল ১১টায় ছাতিয়ানী উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন শেরপুর পৌরসভার সাবেক মেয়র জানে আলম খোকা। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, এ ধরনের মানবিক উদ্যোগ সমাজের অসহায় ও দরিদ্র মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি রাফি আল আমিনের এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
ক্যাম্পে বিভিন্ন রোগের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন স্পেশালিস্ট ডাঃ অমিত কুমার লাহা, এনেস্থেসিওলজিস্ট ডাঃ মোঃ ইকবাল হোসেন, ইএমও ডাঃ অপু বসাক, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের এমএস রেসিডেন্ট (সার্জারি) ডাঃ ফাবলিহা আফিয়া অনন্যা, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী রেজিস্ট্রার (গাইনি অ্যান্ড অবস) ডাঃ আরিফা মৌসুমি নীপা, শাজাহানপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ শাহরিয়ার হোসেন সম্রাট, নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মাহাবুবা মুন্নী এবং প্রাইভেট প্র্যাকটিশনার ডাঃ একরামুল ইসলাম।
চিকিৎসা নিতে আসা রোগীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়ে তারা অনেক উপকৃত হয়েছেন। এমন আয়োজন নিয়মিত হলে গ্রামের সাধারণ মানুষ সহজেই প্রাথমিক চিকিৎসাসেবা পেতে পারবেন।
আয়োজক রাফি আল আমিন বলেন, গ্রামের অসচ্ছল মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করাই এই ক্যাম্পের মূল লক্ষ্য। অনেক মানুষ অর্থাভাবে প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারেন না, তাদের পাশে দাঁড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজনের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।
দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পে এলাকার শতাধিক রোগী সেবা গ্রহণ করেন। স্থানীয়দের মতে, এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

