আবহাওয়া অফিস :
সাময়িক বিরতির পর নতুন করে শক্তি সঞ্চয় করেছে ঝড়বৃষ্টি, তাই আপাতত বগুড়াসহ সারাদেশের মানুষের স্বস্তির সুযোগ খুব বেশি নেই। আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি অনুযায়ী আজ রাত ১০টা থেকে আগামীকাল রাত ১০টার মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে দফায় দফায় বজ্রসহ বৃষ্টি, দমকা হাওয়া ও কোথাও কোথাও তীব্র কালবৈশাখীর আশঙ্কা রয়েছে।
বিশেষ করে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি। একই সঙ্গে খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন এলাকাতেও বিক্ষিপ্তভাবে বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী, এমনকি অতিভারী বর্ষণও হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সবচেয়ে ঝুঁকিপূর্ণ জেলার মধ্যে রয়েছে বগুড়া, রংপুর, পঞ্চগড়, নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁও, লালমনিরহাট, গাইবান্ধা, কুড়িগ্রাম, জয়পুরহাট, নওগাঁ, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা।
এছাড়া সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী, গাজীপুর, ঢাকা, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ ও কুমিল্লা জেলার বেশ কিছু এলাকায় আজ মধ্যরাত থেকে আগামীকাল বিকাল পর্যন্ত কয়েক দফায় কালবৈশাখীসহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এসব অঞ্চলে তীব্র বজ্রপাতের আশঙ্কাও রয়েছে।
অন্যদিকে মেহেরপুর, কুষ্টিয়া, রাজবাড়ী, ফরিদপুর, শরিয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, খাগড়াছড়ি, রাঙামাটি, চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবানসহ খুলনা ও বরিশাল বিভাগের আরও কিছু স্থানে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও দমকা হাওয়া ও সাময়িক ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
এদিকে আজ মধ্যরাত থেকে আগামীকাল দুপুর পর্যন্ত ঢাকা থেকে দক্ষিণাঞ্চলগামী নৌরুটে ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকায় নৌযান চলাচলে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। যাত্রার আগে আবহাওয়ার সর্বশেষ আপডেট জেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বিশেষজ্ঞদের পরামর্শ, বজ্রপাতের সময় খোলা মাঠ, গাছের নিচ ও জলাশয়ের আশপাশ এড়িয়ে চলতে হবে। কৃষকদের দ্রুত ফসল ও গবাদিপশু নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ারও আহ্বান জানানো হয়েছে।

