মিন্টু ইসলামঃ
বগুড়ার শেরপুরে ঢাকার হানিফ ফ্লাইওভারে কালেমার পতাকা অপসারণ ও অবমাননার অভিযোগের প্রতিবাদে তৌহিদী জনতার উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ জুন) জুমার নামাজের পর শেরপুর কেন্দ্রীয় শাহী জামে মসজিদের সামনে থেকে কালেমার পতাকা নিয়ে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বাসস্ট্যান্ডসংলগ্ন ঢাকা–বগুড়া মহাসড়ক থেকে শুরু হয়ে উপজেলা গেটসহ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন মাওলানা আব্দুল আউয়াল শেরপুরী, মাওলানা এজাজ উদ্দিন এবং মাওলানা মামদুদুর রহমান শেরপুরী।
বক্তারা অভিযোগ করেন, কালেমার পতাকা অপসারণ ও অবমাননা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তারা সরকারের প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, কালেমার পতাকার মর্যাদা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং এ ধরনের ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি বাংলাদেশসহ বিশ্বব্যাপী কালেমার পতাকার মর্যাদা সমুন্নত রাখতে উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তারা।
এসময় বগুড়া শেরপুর শহরের তৌহিদী জনতার কালেমা পতাকা সমাবেশে মোনাজাত করা হয়। শেরপুরবাসীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেরপুর থানা পুলিশের সহযোগিতায় সমাবেশ শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হয়।

