স্টাফ রিপোর্টার: বগুড়ার শেরপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গ্রেপ্তার প্রত্যেককে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড ও ১৯০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে শেরপুর উপজেলার বাগড়া কলোনী গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল বাগড়া কলোনী গ্রামের বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় শেরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তিন ব্যক্তির বসতবাড়িতে অভিযান চালিয়ে মোট ১৫ গ্রাম গাঁজা উদ্ধার করে। পরে তাদের আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বাগড়া কলোনী গ্রামের আব্দুস সালামের ছেলে মো. বাবর আলী (৩৫), নুর হোসেনের ছেলে মো. এনামুল হক (৩২) এবং খালেকের ছেলে মো. মাসুম (৫০)।
অভিযানসংশ্লিষ্ট সূত্র জানায়, মাদকবিরোধী নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ডিএনসি বগুড়ার ‘ক’ সার্কেলের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। গাঁজা উদ্ধারের পর ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১৯০ টাকা করে অর্থদণ্ড দেন। আদালতের নির্দেশনা অনুযায়ী উদ্ধার করা ১৫ গ্রাম গাঁজা ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। মাদক নিয়ন্ত্রণে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।
মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পরিবার ও সমাজের সর্বস্তরের মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান সংশ্লিষ্টরা।

