এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ায় এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বগুড়া জেলা পূর্ব শাখা।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় শাজাহানপুর উপজেলার সাজাপুর ফুলতলা কামিল মাদ্রাসার মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বগুড়া জেলা পূর্ব শাখার সভাপতি শাহরিয়ার হাসান বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক হাবিবুল্লাহ খন্দকার।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এসএসসি ও দাখিল পরীক্ষা শিক্ষার্থীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হলেও এটিই সাফল্যের শেষ নয়। ভবিষ্যতে আরও বড় পরিসরে নিজেদের প্রতিষ্ঠিত করতে শিক্ষার্থীদের এখন থেকেই জ্ঞানার্জনের পাশাপাশি নৈতিকতা, আদর্শ ও মূল্যবোধকে জীবনের অংশ করে নিতে হবে।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ধর্মীয় ও সাধারণ শিক্ষার সমন্বয়ের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। পাশাপাশি দেশ ও সমাজের প্রতি দায়বদ্ধতা নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা করার আহ্বান জানান তিনি।
হাবিবুল্লাহ খন্দকার আরও বলেন, দীর্ঘদিন ধরে দেশের শিক্ষাব্যবস্থা নানা সংকটের মধ্য দিয়ে গেছে। একটি সুশৃঙ্খল, ন্যায়ভিত্তিক ও ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় শিক্ষার্থীদের ভূমিকা গুরুত্বপূর্ণ। ভবিষ্যৎ রাষ্ট্র ও সমাজ বিনির্মাণে আজকের মেধাবী শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে।
অভিভাবকদের প্রতি শিক্ষার্থীদের দায়িত্বের কথা তুলে ধরে তিনি বলেন, সন্তানদের সাফল্যের পেছনে বাবা-মায়ের ত্যাগ ও পরিশ্রম রয়েছে। তাই তাদের প্রতি সম্মান ও আনুগত্য বজায় রাখতে হবে। একই সঙ্গে শিক্ষকদের যথাযথ মর্যাদা দেওয়ার ওপরও গুরুত্ব দেন তিনি।
জেলা পূর্ব শাখার সেক্রেটারি তৌফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া জেলা আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, জেলা জামায়াতের মহিলা বিভাগের সভানেত্রী ডা. মাসুদা করিম, জেলা জামায়াতের প্রচার সম্পাদক ও গার্ডিয়ান পাবলিকেশনের ব্যবস্থাপনা পরিচালক নূর মোহাম্মদ আবু তাহের, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মহানগর শাখার সভাপতি শফিকুল ইসলাম, শাজাহানপুর উপজেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ মাওলানা মো. আব্দুর রহমান, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, সারিয়াকান্দি উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম, মহানগরের মজলিসুল মোফাসসিরিনের সভাপতি মাওলানা আব্দুস সালাম যুক্তিবাদী এবং সাজাপুর ফুলতলা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মান্নান।
অনুষ্ঠানে বক্তারা জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, শুধু ভালো ফলাফল অর্জন করলেই একজন শিক্ষার্থীর সাফল্য পূর্ণতা পায় না। জ্ঞানার্জনের পাশাপাশি সততা, নৈতিকতা, দেশপ্রেম, মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার চর্চা করতে হবে।
তারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে মনোযোগী হওয়ার পাশাপাশি নিজেদের চরিত্র ও নেতৃত্বের গুণাবলি বিকাশের আহ্বান জানান।
সংবর্ধনা অনুষ্ঠানে বগুড়া জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ, শিক্ষক, অভিভাবক এবং এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

