মিন্টু ইসলাম:
বগুড়ার শেরপুর উপজেলার ১০ নম্বর শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া বাজারের নির্ধারিত স্থান থাকলেও বর্তমানে রানিরহাটগামী সড়কের ওপর বসছে কাঁচামালের বাজার। এতে একদিকে সড়ক উন্নয়নকাজ ব্যাহত হচ্ছে, অন্যদিকে সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তির সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, সড়কের উন্নয়নকাজ চলমান থাকা সত্ত্বেও রাস্তার ওপর বাজার বসানোর কারণে নির্মাণকাজ ধীরগতিতে এগোচ্ছে। এছাড়া ঢালাইয়ের পর সড়কের প্রয়োজনীয় পরিচর্যা, বিশেষ করে নিয়মিত পানি না দেওয়ার অভিযোগও রয়েছে। দীর্ঘদিন ধরে এমন পরিস্থিতি চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর তদারকি চোখে পড়ছে না বলে অভিযোগ স্থানীয়দের।
শেরুয়া বাজারের ব্যবসায়ী চন্দন কুমার বলেন, “রাস্তার ওপর দোকান বসানোর কারণে যানবাহন ও মানুষের চলাচলে ব্যাপক সমস্যা হচ্ছে। এছাড়া অনেক ক্রেতা নির্ধারিত বাজারে না গিয়ে রাস্তার পাশ থেকেই পণ্য কিনছেন। এতে পুরাতন বাজারের ব্যবসায়ীরা প্রতিনিয়ত আর্থিক ক্ষতির মুখে পড়ছেন।”
তরকারি ক্রেতা শামিম হোসেন সাগর বলেন, “দ্রুত সড়কের ওপর বসা বাজারটি সরিয়ে নেওয়া প্রয়োজন। তাহলে মানুষ ও যানবাহনের নিরাপদ চলাচল নিশ্চিত হবে এবং সড়কটি স্বাভাবিকভাবে ব্যবহার করা সম্ভব হবে।”
এদিকে স্থানীয় সচেতন মহল দ্রুত এ সমস্যার সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা সড়কের ওপর অবৈধভাবে বসা বাজার অপসারণ এবং চলমান সড়ক উন্নয়নকাজের সুষ্ঠু তদারকির জন্য স্থানীয় সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ ও উপজেলা প্রশাসনের জরুরি দৃষ্টি আকর্ষণ করেছেন।
স্থানীয়দের দাবি, দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা না হলে জনভোগান্তি আরও বাড়বে এবং চলমান সড়ক উন্নয়ন প্রকল্পের মানও ক্ষতিগ্রস্ত হতে পারে।

