এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় বিষাক্ত দানাদার আগাছানাশক (ঘাস নিধন) ওষুধ সেবনের ঘটনায় এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। নিহত লাবণ্য আক্তার (১৬) উপজেলার সদর ইউনিয়নের চর গোসাইবাড়ী গ্রামের লাল মিয়ার মেয়ের ছেলে ও চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (২৯ মে ২০২৬) সকাল সাড়ে ৭টার দিকে লাবণ্য আক্তার বিষাক্ত দানাদার ওষুধ সেবন করলে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থার অবনতি দেখে প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৩০ মে২০২৬) তিনি মৃত্যুবরণ করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনার খবর পেয়ে সারিয়াকান্দি থানার এসআই মো. হাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। এ বিষয়ে সারিয়াকান্দি থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

