বগুড়া প্রতিনিধি:
বগুড়া শহরের দত্তবাড়ী এলাকায় ছিনতাইয়ের সময় বাধা দেওয়াকে কেন্দ্র করে মো. মাহবুব হাসান (৩২) নামে এক আইনজীবীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আহত মাহবুব হাসান বগুড়া জজ কোর্টের তালিকাভুক্ত আইনজীবী। তিনি শহরের দশটিকা উত্তরপাড়া এলাকার মৃত আহমদ আলী মন্ডলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যা ৭টা থেকে সোয়া ৭টার মধ্যে বগুড়া শহরের দত্তবাড়ী এলাকায় শতাব্দী পাম্পের বিপরীতে এ ঘটনা ঘটে। আদালতের কার্যক্রম শেষে রিকশাযোগে বাড়ি ফিরছিলেন আইনজীবী মাহবুব হাসান।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, শতাব্দী পাম্পের বিপরীতে পৌঁছালে কয়েকজন ব্যক্তি তাঁর রিকশার গতিরোধ করে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় মাহবুব হাসান একজনকে ধরে ফেলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান। অন্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে পালিয়ে যাওয়া ব্যক্তিদের সঙ্গে আরও কয়েকজন এসে মাহবুব হাসানের ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে। এ সময় হামলাকারীরা রামদা ও চাপাতি দিয়ে তাঁকে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তিনি রাস্তায় পড়ে গেলে হামলাকারীরা চলে যায়।
পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
ঘটনার পর স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, শহরের বিভিন্ন এলাকায় পকেটমারি ও ছিনতাইয়ের ঘটনা বাড়ায় সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তাঁরা এ ধরনের ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের পরিচয় ও আটকের বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে জানানো হবে।

