বগুড়া প্রতিনিধি: বগুড়া শহরের একটি গহনার দোকানে এক হাজার টাকার জাল নোটের বান্ডিল দিয়ে সোনার চেইন নিয়ে পালিয়েছে এক প্রতারক। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে শহরের আনোয়ারা সুপার মার্কেটের তামান্না জুয়েলার্সে এ ঘটনা ঘটে।
দোকানমালিক এম এ বারী জানান, মঙ্গলবার বেলা ২টার দিকে এক ব্যক্তি ক্রেতা সেজে দোকানে প্রবেশ করে বিভিন্ন ধরনের গহনা দেখতে চান। একপর্যায়ে তিনি আট আনা তিন রতি ওজনের একটি সোনার চেইন পছন্দ করেন। চেইনটির বর্তমান বাজারমূল্য প্রায় ১ লাখ ২২ হাজার টাকা।
দোকানমালিকের ভাষ্য, চেইনটি হাতে নেওয়ার পর ওই ব্যক্তি এক হাজার টাকার নোটের একটি বান্ডিল তার দিকে এগিয়ে দেন। তিনি টাকা গোনার প্রস্তুতি নেওয়ার সময় ওই ব্যক্তি ‘আবার আসছি’ বলে টাকার বান্ডিলটি রেখে দ্রুত চেইন নিয়ে দোকান থেকে বেরিয়ে যান।
পরে টাকা পরীক্ষা করে দোকানমালিক দেখতে পান, বান্ডিলের সব নোটই জাল। সেখানে মোট ১ লাখ ১১ হাজার টাকার জাল নোট ছিল।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ বাবু বলেন, জাল নোট দিয়ে সোনার চেইন নিয়ে প্রতারক পালিয়ে গেছে। তিনি দ্রুত প্রতারককে শনাক্ত করে গ্রেপ্তার এবং খোয়া যাওয়া সোনার গহনা উদ্ধারের দাবি জানান।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহীম আলী জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা এবং প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সংগ্রহ করে অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

