এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার শাজাহানপুরে মাদক মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৮ আগস্ট) উপজেলার বি-ব্লক এলাকায় বিশেষ অভিযান চালিয়ে রাসেল নামে ওই আসামিকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মাদক মামলায় আদালত রাসেলকে তিন বছরের কারাদণ্ড দেন। রায় ঘোষণার পর থেকে তিনি গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ছিলেন। তাকে গ্রেপ্তারে শাজাহানপুর থানা-পুলিশ নিয়মিত নজরদারি ও অভিযান চালিয়ে আসছিল।
এরই ধারাবাহিকতায় শনিবার শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিক ইকবালের তত্ত্বাবধানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে থানার এসআই অনুপ কুমার সরকার, এএসআই মাহুবারসহ পুলিশের একটি দল অংশ নেয়। অভিযান চলাকালে বি-ব্লক এলাকায় অবস্থানরত রাসেলকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়।
শাজাহানপুর থানা-পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার রাসেলের বিরুদ্ধে আদালতের সাজা ও গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর ছিল। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদকসহ বিভিন্ন অপরাধে আদালতের পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

