এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ায় মাদকবিরোধী অভিযানে ৩০ গ্রাম গাঁজা ও এক পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গ্রেপ্তার ব্যক্তিদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) বগুড়া মহানগরের সেউজগাড়ী, চকসুত্রাপুর ও হাড্ডিপট্টি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহরাব হোসেনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ডিএনসি বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল অংশ নেয়।
অভিযানে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার শতিকযান এলাকার মো. লতিফের ছেলে মো. মাহিদুল (২৮), বগুড়ার মধ্য চেলোপাড়ার সুশান্ত ঘোষের ছেলে শ্রী মানিক ঘোষ (২৮), শাজাহানপুর থানার চাচাইতারা এলাকার আনোয়ার হোসেনের ছেলে মো. লিটন মিয়া (৫৯) এবং শিবগঞ্জ থানার মালাহার এলাকার মৃত শুকলাল চন্দ্র রবিদাসের ছেলে শ্রী দিলীপ চন্দ্র রবিদাস (২৮)।
ডিএনসি সূত্রে জানা যায়, মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে সংশ্লিষ্ট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
পরে জব্দ করা মাদকদ্রব্যসহ গ্রেপ্তার চারজনকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা করে অর্থদণ্ড দেন।
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ কেনাবেচা রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

