এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার কাহালু উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও দুর্গাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বদরুজ্জামান খান (৭০)–কে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে কাহালু উপজেলার প্রত্যাপপুর এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, কাহালু থানা পুলিশ বদরুজ্জামান খানকে গ্রেপ্তারের পর বগুড়া সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে। পরে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
স্বাস্থ্য পরীক্ষা শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, বগুড়া সদর থানায় দায়ের করা একটি রাজনৈতিক মামলায় বদরুজ্জামান খানকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য তাকে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
গ্রেপ্তারের বিষয়ে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, মামলার আইনগত কার্যক্রম অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

